বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হতে বাকি আর মাত্র ২ দিন। ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা ওঠার আগে বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা। সকাল ১১টায় শুরু হওয়া এই সভার মূল এজেন্ডা বিপিএল ভিত্তিক।
সূত্রমতে, বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক, যাবতীয় সুযোগ-সুবিধা ও এই সম্পর্কিত সবকিছুর খবরাখবর নিতেই আমিনুল ইসলাম বুলবুল ডাক দিয়েছেন এই সভার।
এছাড়া গুঞ্জন রয়েছে চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ নিয়মানুযায়ী টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলার আগেই ক্রিকেটারদের মূল পারিশ্রমিকের ২৫% পরিশোধে বিলম্ব করছেন। সেই আলোচনাও আলাদা করে উঠবে বোর্ড সভাতে। ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যেই দল নির্বাচন, অনুশীলন ও বিদেশি ক্রিকেটারদের শেষ মূহূর্তে সরে যাওয়ার মতো ঘটনায় বেশ সমালোচনার জন্ম দিয়েছে।
বিপিএলের এজেন্ডার সাথে প্রথম বিভাগ ক্রিকেট লিগের বিকল্প কোনো লিগ আনা যায় কিনা, সেটা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। অনূর্ধ্ব-২৩ পর্যায়ের নতুন টুর্নামেন্ট, বিপিএলের ফিক্সিং দমনে করণীয় বিষয়গুলোও থাকবে আলোচ্য বিষয়ে। এর সাথে আনুষ্ঠানিকভাবে আসতে পারে মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ছাড়পত্র পাওয়ার ঘোষণাও।


