বিগত সময়ে যে অনিয়মগুলো হয়েছে সেগুলো দূর করে নবউদ্যমে কাজ শুরু করার প্রত্যাশা জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। তিনি বলেন, ‘বিগত সময়ের মধ্যে যে অনিয়মগুলো হয়েছে, সেগুলো ক্লিন করে নবউদ্যমে কাজ শুরু করব।’
বুধবার দুপুরে সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ প্রত্যাশা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ইমেজ বিল্ডআপ করতে হবে–যে আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি।’
একই সঙ্গে দায়িত্ববোধের জায়গাটি এখন তাদের কাছে তীব্র আছে উল্লেখ করে এই প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের প্রশাসনিক কাঠামো এমনভাবে সাজাতে চাই, যেখানে সবাই মিলে ভবিষ্যতের একটি ভালো বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে। সেই বাংলাদেশ হবে সবার।’
এ সময় দায়িত্ব পালনে গণমাধ্যম ও সবার সহযোগিতা কামনা করে দোয়া প্রার্থনা করেন তিনি। কাজ শুরু করার পর ধীরে ধীরে যে ঘাটতিগুলো আছে, সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করা হবে এবং তার সমাধান করা হবে, যোগ করেন তিনি।


