বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ২-০ গোলের জয়ের ম্যাচে গোল করেন স্ট্রাইকার ফোলারিন বালোগান। গোল উদযাপনে তিনি বাস্কেটবল সুপারস্টার লেব্রন জেমসের ট্রেডমার্ক ‘সাইলেন্সার’ নাচ অনুকরণ করেন। এতে বালোগানকে অভিনন্দন জানিয়েছেন জেমস।
ম্যাচে বালোগান দুইবার বল জালে জড়ালেও প্রথমটি অফসাইডের কারণে বাতিল হয়। প্রতিটি গোলের পরই তিনি জেমসের চেনা ভঙ্গিতে উদযাপন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জেমস লেখেন, ‘বিশ্বকাপে সাইলেন্সার চলে এসেছে!’ সঙ্গে একটি চুপ থাকার ও বিমানের ইমোজি যোগ করেন তিনি। নিজের ‘কিং জেমস’ ডাকনামের সঙ্গে মিলিয়ে একটি মুকুটের ইমোজি দিয়ে জেমস আরও লেখেন, ‘চমৎকার গোল, তরুণ রাজা!’ এক্স-এ তাঁর এই পোস্টটি প্রায় ৪০ লাখ বার দেখা হয়েছে।
এনবিএ-র সর্বকালের সর্বোচ্চ স্কোরার লেব্রন জেমস সাধারণত গুরুত্বপূর্ণ ও ম্যাচ জেতানো শট নেওয়ার পর এই উদযাপন করেন। হাঁটু ওপরে তোলা, দুই হাতের তালু নিচের দিকে নামানো ও বুকে চাপড় দেওয়ার এই নাচটি দিয়ে মূলত প্রতিপক্ষকে ‘স্তব্ধ’ করার বার্তা দেওয়া হয়।
২৪ বছর বয়সি বালোগান নিউ ইয়র্কে জন্মেছেন, বড় হয়েছেন লন্ডনে। বর্তমানে তিনি ফ্রান্সে খেলছেন। বাস্কেটবলের প্রতি তার দারুণ অনুরাগ রয়েছে। ইংল্যান্ড বা নাইজেরিয়ার বদলে বালোগানকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলাতে আমেরিকার ফুটবল স্কাউটরা তাকে ফ্লোরিডায় উড়িয়ে নিয়ে যান, এনবিএ ম্যাচের কোর্টসাইড টিকিটও উপহার দেন।
চলতি বিশ্বকাপে বালোগান এ পর্যন্ত তিনটি গোল করেছেন। তার দল যুক্তরাষ্ট্র শেষ ১৬-তে পৌঁছেছে। বসনিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখায় আগামী সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচে তিনি খেলতে পারবেন না।
এদিকে ৪১ বছর বয়সি জেমস এই সপ্তাহে ঘোষণা করেছেন, তিনি লস অ্যাঞ্জেলেস লেকার্স ছাড়ছেন। তবে ফ্রি এজেন্সির বাজারে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজের রেকর্ড ২৪তম মৌসুম খেলতে ফিরবেন তিনি। তার এই সিদ্ধান্ত পুরো লিগকে নাড়া দিয়েছে।


