আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জুন।
বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে বুধবার এ তথ্য জানা জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আইনজীবী হিসেবে সনদ পেতে একজন পরীক্ষার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের তত্ত্বাবধানে তিন ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনের ওপর স্নাতক ডিগ্রী অর্জনের পর আইনজীবী হিসেবে নূন্যতম ১০ বছর পেশায় রয়েছেন এমন একজন সিনিয়রের অধীনে পরীক্ষার্থীকে ইন্টিমেশন জমা দিতে হয়।
ইন্টিমেশন জমা দেওয়ার পর ছয় মাস পার হলে প্রয়োজনীয় কার্যক্রম শেষে এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন। সনদ লাভের পর সংশ্লিষ্ট জেলা আইনজীবী সমিতিতে যোগদানের মধ্য দিয়ে আইন পেশা শুরু হয়। আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল।


