‘ঝরাপাতা প্রজ্বলন বন্ধ করুন’ স্লোগানকে সামনে রেখে বায়ুদূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সোমবার বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য নিয়াজ আহমদ খান।
উপাচার্য তার বক্তব্যে বলেন, পরিবেশ সংরক্ষণ কোনো নির্দিষ্ট অনুষ্ঠান বা দিবসের বিষয় নয়; এটি একটি অভ্যাস। পরিবেশকে ভালোবেসে প্রতিদিনের জীবনে পরিবেশবান্ধব আচরণ গড়ে তুলতে হবে।
মল চত্বরের সবুজায়ন, শতবর্ষী গাছ চিহ্নিতকরণ, পাখিদের নিরাপদ আবাসস্থল সংরক্ষণের মতো উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবেশ রক্ষায় নিয়মিত কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন ঢাবি উপাচার্য।
তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা আমাদের অস্তিত্ব রক্ষার অংশ।’। তাইতো নববর্ষ উদযাপনে আতশবাজি পরিহারের পাশাপাশি ঝরাপাতা প্রজ্বলন বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।
পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের ওপরও গুরুত্বারোপ করে উপাচার্য জানান, ভালো কাজের জন্য পুরস্কার ও অনিয়মের জন্য তিরস্কারের ব্যবস্থা থাকবে।
আলোচনা পর্ব শেষে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
নির্মল বায়ু ও সবুজ-সুন্দর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ঢাবির আরবরিকালচার সেন্টার, ডাকসু, গ্রিন ফিউচার ফাউন্ডেশন এবং পরিবেশ সংসদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
আরবরিকালচার সেন্টারের পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন আবদুস সালাম, প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক শেখ রাশেদ কামাল অনিক।
অনুষ্ঠানে এস্টেট ম্যানেজারসহ বিভিন্ন হল, বিভাগ ও ইনস্টিটিউটের পরিচ্ছন্নতাকর্মী ও মালিরা উপস্থিত ছিলেন।


