তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। যদিও দলীয় সুত্রে জানা গেছে, ফ্লাইটের সূচির ওপর নির্ভর করে একদিন এগিয়ে আনা হতে পারে তাদের সফর সূচি।
ফ্লাইটের সূচি চূড়ান্ত না হলেও বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঠিকই ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার আনুষ্ঠানিক ঘোষণায় শাহীন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে ঘোষিত এই দলে জায়গা হয়নি বাবর আজম, সাইম আইয়ুবদের।
বরং প্রথমবারের মতো ডাকা হয়েছে ৬ নতুন মুখ; আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মাদ গাজী ঘোরি, সাদ মাসুদ, শামিল হুসাইন ও সাহিবজাদা ফারহানকে। অভিজ্ঞদের মধ্যে আছেন মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ ও সালমান আলী আগা।
আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি।
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তান দল
শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা এবং শামিল হুসাইন।


