চলতি বছরে বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে রোববার রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার ও যাচাই-বাছাই কার্যক্রম শুরু হচ্ছে।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা শনিবার ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন ড্রাইভার হিসেবে কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। পরিশ্রমী ও দক্ষ হওয়ায় বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়। দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারীরা সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন বলেও তারা উল্লেখ করেন।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা বলেন, নতুন ধাপে প্রথমে আরও দেড় হাজার ড্রাইভার নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। পুরো বছরজুড়ে বাংলাদেশ থেকে মোট ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে তারা আগ্রহী।
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণমন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য দুবাই প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তিনি কর্মী নিয়োগের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
মন্ত্রী দুবাইয়ে প্রশিক্ষণকালীন কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ দক্ষ পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


