ময়মনসিংহের ত্রিশালে ব্যবসার জন্য টাকা না দেওয়ায় মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে মাটি চাপা দিয়েছে ছেলে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের বাশকুড়ি কারবালা স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, মোহাম্মদ আলী (৭০) এবং রানোয়ারা বেগম (৬০)। এ ঘটনায় ছেলে মো. রিয়াদ হাসান রাজুকে (৩০) আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার দুপুরে মা রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা করে রাজু। পরে মরদেহ ঘরে লুকিয়ে রাখে। সন্ধ্যায় বাবা মোহাম্মদ আলী বাড়িতে ফেরার পর তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে। এরপর ঘরের মেঝে খুঁড়ে দুজনের মরদেহ মাটি চাপা দেয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে রাজু তার বোনদের ফোনে জানায় ‘মা-বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না’।
কিন্তু বোন জরিনা খাতুন স্বামীর বাড়ি থেকে এসে রাজুর আচরণ দেখে সন্দেহ করেন। এক পর্যায়ে ঘরের মেঝেতে মাটি খোঁড়া ও রক্তের দাগ দেখে প্রতিবেশীদের খবর দেন। স্থানীয়রা এসে রাজুকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ বলেন, ‘রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তিনি জানিয়েছেন, কয়েক বছর আগে বিয়ে করেছে, এক কন্যা সন্তানও রয়েছে। আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, বর্তমানে বেকার। সম্প্রতি ব্যবসা শুরু করতে মা-বাবার কাছে টাকা চেয়েছিল, কিন্তু তারা রাজি না হওয়ায় তাদের হত্যা করে সে।’
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


