বাংলাদেশে বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (এফএসসিডি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার কুর্মিটোলায় বেবিচক সদরদপ্তরের চেয়ারম্যানের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই করা হয়। সমঝোতা স্মারকটির বিষয় হলো অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) এবং উদ্ধার ও অগ্নিনির্বাপণ (আরএফএফ)।
সমঝোতা স্মারকে বেবিচকের পক্ষে পরিচালক (এটিএম) মো. শামসুল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষে উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ (বিএফএম) সই করেন।

এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং দেশব্যাপী বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা নিশ্চিত করা।
সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার বিধি-বিধান অনুযায়ী বিমানবন্দর ও আশপাশের এলাকায় কোনো ধরনের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত অনুসন্ধান, উদ্ধার এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনায় এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমঝোতা স্মারক অনুযায়ী উভয় প্রতিষ্ঠান জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান, সমন্বিত প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে বিমান চলাচল নিরাপত্তা জোরদারে কাজ করবে বলেও আশ্বস্ত করেন তারা।
এর ফলে বিমানবন্দর এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং অগ্নিনির্বাপণ সক্ষমতা আরও শক্তিশালী হবে। এছাড়া আন্তর্জাতিক মান বজায় রেখে বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং আসন্ন আন্তর্জাতিক অডিটে ইতিবাচক প্রভাব ফেলতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা জানান, বেসামরিক বিমান চলাচল খাতে নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং দেশের বিমানবন্দরসমূহে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচকের সদস্যরা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তারা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।


