ভারতের পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে ‘সোনার বাংলার’ যুগ শুরু হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগ মুহূর্তে সামাজিক মাধ্যম এক্সে এ ঘোষণা দেন তিনি।
দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতিনিধিত্বকারী শুভেন্দু বলেন, ‘ঐতিহাসিক এক ভোরের সাক্ষী হলো পশ্চিমবঙ্গ। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার শপথ গ্রহণ করছে।’
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন শুভেন্দু। এরইমধ্যে ঐতিহাসিক দিনটিকে আরও স্মরণীয় করতে ‘সিটি অব জয়’ নামে পরিচিত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে স্বাগত জানাতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ছিল প্রবল উদ্দীপনা।
প্রধানমন্ত্রীকে ‘দূরদর্শী নেতা’ হিসেবে উল্লেখ করে এই দিনটিকে পশ্চিমবঙ্গের গৌরব ও আনন্দের মুহূর্ত বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, ‘নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ কয়েক দশকের শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে আজ থেকে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির নতুন যুগের সূচনা হলো।’
রাজ্যের বিজেপি নেতারা জানান, এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশের প্রতিষ্ঠাতা ও পূর্বসূরিদের স্বপ্ন পূরণের পথে বড় এক পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ‘ডাবল ইঞ্জিন’ সরকারের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও আশা করেন তারা।
এর আগে পশ্চিমবঙ্গের ১৭তম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়।
গত শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী বিধায়কের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে রাজ্যের পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ।


