রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে হেগেরা চাকমা (৫০) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক কালেক্টর নিহত হয়েছেন।
শনিবার ভোর ৬টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রবিব ইউপিডিএফ কালেক্টরকে গুলি করে হত্যার ঘটনা নিশ্চিত করলেও কীভাবে তা ঘটেছে এবং কারা গুলি করে হত্যা করেছে তার সঠিক তথ্য দিতে পারেননি।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তারা পৌঁছালে বিস্তারিত জানা যাবে।’
নিহতের ঘটনার বিষয়ে জানতে চাইলে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘এ ঘটনার বিষয়ে পুরোপুরি জেনে তারপরে জানাচ্ছি।’
এদিকে ইউপিডিএফ-প্রসীত দলের কেউ এখনো কোনো বক্তব্য দেননি।


