নির্বাচন সংক্রান্ত কাজে বাংলাদেশে আসা বিদেশি নাগরিক ছাড়া অন্য সব বিদেশির জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা সুবিধা স্থগিত করেছে সরকার।
আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন সেল থেকে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোকে এ বিষয়ে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে এই সিদ্ধান্তের কথা জানাতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অব বাংলাদেশকে বলেন, এই সিদ্ধান্তটি সাময়িক।
তিনি বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষক এবং নির্বাচন পর্যবেক্ষণের কাজে ঢাকায় আসা অন্য কর্মীদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে আমাদের মিশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।’
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন এই সময়ে ৩০টি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে।
এছাড়া কমনওয়েলথ, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ওআইসি, সার্কসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর আমন্ত্রণও জানানো হয়েছে।
চীন ও ইরান এরই মধ্যে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশের ৬৪ জেলায় তাদের নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করেছে। যারা বেশ লম্বা সময় বাংলাদেশে অবস্থান করবেন।
ভোটের আগমুহূর্তে আরও ৯০ জন ইইউ পর্যবেক্ষক দেশে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ডসহ ইইউ-বহির্ভূত দেশগুলোও এই ইইউ প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত হয়েছে এবং তারা একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে।


