বিশ্বে পাসপোর্টের মানের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম। গত বছর এ অবস্থান ছিল ১০০তম। ফলে এক বছরে লাল-সবুজ পাসপোর্টের মানে সামান্য উন্নতি হয়েছে।
সব দেশের পাসপোর্টের মানের ভিত্তিতে প্রতিবছর তালিকা প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। তালিকা অনুযায়ী, বাংলাদেশের নাগরিকরা ৩৭টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
এই তালিকায় নাইজার ও আলজেরিয়ার সঙ্গে ৮০ নম্বরে অবস্থান করছে ভারত। বাংলাদেশের তিন ধাপ নিচে, অর্থাৎ ৯৮ নম্বরে অবস্থান পাকিস্তানের। নেপালের অবস্থান পাকিস্তানের ওপরে এবং বাংলাদেশের এক ধাপ নিচে, অর্থাৎ ৯৬তম। পাকিস্তানের পরে রয়েছে ইরাক ও সিরিয়ার পাসপোর্ট। তালিকার একেবারে শেষে, ১০১তম অবস্থানে রয়েছে আফগানিস্তান।
সূচকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশগুলোর। প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকদের ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে।
ইউরোপের পাঁচটি দেশ যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে। দেশগুলো হলো ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়া প্রবেশাধিকার পান।
এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। তালিকার পঞ্চম স্থানে আরও চারটি দেশের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের ডাটাবেসে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।


