বাংলাদেশি কর্মীদের কাতার ভিসা দিচ্ছে না বলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে তা গুজব বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, মন্ত্রণালয় মনে করে এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বিশেষ মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রয়াস। এসব গুজব এড়িয়ে চলতে দেশবাসীর প্রতি আহ্বানও জানানো হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, কাতারের শ্রমবাজার যথারীতি চালু রয়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে এক লাখ ১১ হাজার ৬৬২ জন কর্মী কাতারে গেছেন। এখনো কর্মীরা যাচ্ছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশটিতে চার লাখ ২৫ হাজার ৬৮১ জন বাংলাদেশি কর্মী কাজ করছেন।
এছাড়া, কাতার কোনো ‘ফ্রি ভিসা’ দেয় না বলেও জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কেউ এই ভিসার নামে কর্মী পাঠানোর চেষ্টা করলে সেটি থেকে সতর্ক থাকতেও আহ্বান জানানো হয়।


