নারায়ণগঞ্জ জেলার বন্দরের রূপালী এলাকায় ১২ বছরের শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর ৪টার মধ্যে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর চাচা বাদী হয়ে সকালে বন্দর থানায় মামলা করেন।
অভিযুক্ত পুলিশ সদস্যের নাম রুহুল আমিনের (৪১)। তিনি ডিএমপির ট্রাফিক জোনের ধানমণ্ডি বিভাগে কর্মরত ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, শিশুটি ঢাকার কলাবাগান এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। সোমবার দুপুরে কাউকে কিছু না জানিয়ে সেই বাসা থেকে বের হয়ে যায়। পরে ধানমণ্ডির সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সিটি কলেজ সংলগ্ন রাস্তায় তার সঙ্গে অভিযুক্ত রুহুল আমিনের দেখা হয়। তিনি ঘটনা জানতে পেরে শিশুটিকে ফুসলিয়ে নিজের সঙ্গে নারায়নগঞ্জের বন্দর থানার রূপালী এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে যান।
সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এরপর মঙ্গলবার সকালে শিশুটিকে আবার কলাবাগান নিয়ে যাচ্ছিলেন। পথে সদর থানার ২ নম্বর রেল গেট সংলগ্ন এলাকায় পৌঁছলে শিশুটি চিৎকার শুরু করে। তখন আশপাশের লোকজন অভিযুক্ত রুহুলকে আটক করে মারধর করে এবং পুলিশকে জানায়।
পুলিশ প্রথমে তাকে নারায়ণগঞ্জ সদর থানায় নিয়ে যায়। পরে ঘটনাস্থল বন্দর থানা পুলিশকে জানানো হলে তারা রুহুল আমিনকে হেফাজতে নেয়।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নির্যাতিতা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’


