মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস পেইডেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার বাংলাদেশ-ডব্লিউএইচও’র বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে মালদ্বীপের স্বাস্থ্য খাতের চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণ এবং জনস্বাস্থ্য উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
উভয় পক্ষ প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বৈঠকে হেলথ ডিপ্লোমেসি ডায়ালগ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিমূলক যৌথ কর্মসূচি সেমিনার, প্রদর্শনী ও বিশেষ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়।
এসব কার্যক্রম বাংলাদেশ হাইকমিশন, ডব্লিউএইচও ও মালদ্বীপ সরকারের সম্মিলিত উদ্যোগে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ স্বাস্থ্য কূটনীতির লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন ও ডব্লিউএইচও কান্ট্রি অফিসের মধ্যে নিয়মিত প্রাতিষ্ঠানিক সংযোগ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


