বলেশ্বর নদীতে জালে আটকা পড়ল রহস্যময় ডিভাইস

বলেশ্বর নদীতে জালে আটকা পড়ল রহস্যময় ডিভাইস
বরগুনার পাথরঘাটা বলেশ্বর নদী থেকে উদ্ধার হওয়া রহস্যময় ইলেকট্রনিক ডিভাইস । ছবি : টাইমস
Advertisement
Advertisement

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদী থেকে ড্রোন বা টর্পেডো সদৃশ একটি রহস্যময় ডিভাইস উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকালে জেলেদের জালে ডিভাইসটি উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটার বাসিন্দা মিরাজ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলে। এ সময় জেলেরা জালে ভারী কিছুর উপস্থিতি টের পান। জাল টেনে তোলার পর তারা ড্রোন বা টর্পেডোর বডির মতো দেখতে একটি অদ্ভুত ইলেকট্রনিক ডিভাইস দেখতে পান।

নদীর বুকে এমন অচেনা ডিভাইস দেখে জেলেরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা তাৎক্ষণিক মাছ ধরা বন্ধ করে দ্রুত ঘাটে ফিরে আসেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশের একটি দল ডিভাইসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

জেলেরা জানান, ডিভাইসটি দেখতে সাধারণ কোনো বস্তুর মতো নয়। এটি অনেকটা ড্রোন বা সাবমেরিন থেকে ছোঁড়া টর্পেডোর মতো। নদীতে এমন জিনিস তারা আগে কখনো দেখেননি। তাই ভয় পেয়ে দ্রুত তীরে চলে আসেন।

পাথরঘাটা থানা পুলিশ জানায়, জেলেদের মাধ্যমে খবর পেয়ে ডিভাইসটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এটি আসলে কী, কোনো ড্রোন নাকি সামুদ্রিক গবেষণার যন্ত্র, কোন দেশের তৈরি বা কোথা থেকে ভেসে এসেছে— তা বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

ডিভাইসটি উদ্ধারের পর থেকে সেটি দেখতে উৎসুক জনতা থানা চত্বরে ভিড় করছেন। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর