সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনের একটি বাথরুম থেকে কামাল উদ্দিন (৪৭) নামের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোমবার বিকাল চারটার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম জানান, কামাল উদ্দিন হাইকোর্ট বিভাগের জমাদার পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বড় কাটুরি গ্রামে এবং বাবার নাম কবির উদ্দিন। স্বজনদের বরাতে পুলিশ জানায়, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন।
সোমবার বেলা পৌনে একটা থেকে সোয়া দুইটার মধ্যে যেকোনো সময় তিনি বিজয় একাত্তর ভবনের অষ্টম তলার একটি বাথরুমে ঢুকে গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
মৃত কামাল উদ্দিনের ভাতিজা রাকিবুল হাসান জানান, কামাল উদ্দিন রাজধানীর আদাবর এক নম্বর রোডে স্ত্রী মনি আক্তার ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার মা তাজ্জতন্নেছা দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত এবং গ্রামে থেকে তার চিকিৎসা চলছে।
কামাল নিজেও কিছুটা অসুস্থ ও হতাশাগ্রস্ত ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে পরিবারের কেউ নিশ্চিত নন।


