স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের চার সদস্যের নামে থাকা চারটি আবাসিক হলের নাম পরিবর্তন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় এই চার হলের নতুন নামের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিষয়টি শুক্রবার নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।
নাম পরিবর্তন হওয়া হলগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। এদের মধ্যে শেখ রাসেল ছিলেন শেখ মুজিবের ছোট ছেলে, শেখ হাসিনা বড় মেয়ে এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ ফজিলাতুন্নেসা ছিলেন তার স্ত্রী।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, ‘সম্প্রতি ক্যাম্পাসে সৃষ্ট আন্দোলনের পর শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সর্বসম্মতিক্রমে নতুন নামগুলো অনুমোদন করেছে।’
পরিবর্তনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলটি এখন পরিচিত হবে শেরেবাংলা এ কে ফজলুল হক হল হিসেবে। এছাড়া শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে নবাব সলিমুল্লাহ হল, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ২৪ জুলাই জাগরণী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ফেলানী খাতুন হল রাখা হয়েছে।


