জুলাই সনদ বাস্তবায়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে বগুড়ায় জামায়াতে ইসলামী সমর্থিত সাতজন রাষ্ট্রীয় আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সোমবার সকালে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী আইন কর্মকর্তারা সবাই জামায়াতে ইসলামী সমর্থিত ‘বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল’-এর সদস্য। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা বগুড়া জজ কোর্টে রাষ্ট্রীয় আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
পদত্যাগকারীরা হলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) শাফিকুর রহমান শাফি, অতিরিক্ত জিপি এমদাদুল ইসলাম এবং সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আরিফুর রহমান, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ইন্দ্রজিৎ ও আতাউর রহমান সবুজ।
পদত্যাগপত্র জমাদানের সময় ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আকন্দ, সহসভাপতি সাখাওয়াত হোসেন মল্লিক, সাইফুদ্দীন সাইফুল, দলিলুর রহমান ও আল-আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পদত্যাগের কারণ হিসেবে শাফি জানান, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা এবং বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের বিরোধিতা তাকে গভীরভাবে চিন্তিত করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে নিয়োগ প্রক্রিয়ায় আবারও রাজনৈতিক প্রভাব ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে, যা বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে। ফলে বিবেকের তাড়নায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, দুপুরে সাতজন আইন কর্মকর্তা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রশাসনিক বিধি অনুযায়ী পত্রগুলো দ্রুত ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।


