সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জামতৈল রেলস্টেশন-সংলগ্ন আলোকদিয়ার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, ঢাকাগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি আলোকদিয়ার নয়াপাড়া এলাকা অতিক্রম করার সময় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা ওই নারী ট্রেনের সঙ্গে জোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তপন ঘোষ জানান, ট্রেনের ধাক্কায় নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। তার নাম-পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।


