‘প্রেশার কুকার’ দিয়ে নতুন এক সাফল্যের মুখ দেখলেন নির্মাতা রায়হান রাফী। চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই সিনেমাটি দেশ-বিদেশের দর্শকদের ইতিবাচক সাড়ায় বক্স অফিসে ৩ কোটি টাকার মাইলফলক ছুঁয়েছে—যা নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
স্বল্পসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও শুরু থেকেই আলোচনায় ছিল ছবিটি। ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর কারণে এটি দ্রুতই দর্শকদের নজর কাড়ে। সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে।
সাফল্যের খবর জানিয়ে সামাজিক মাধ্যমে রাফী লিখেছেন, এই ধরনের এক্সপেরিমেন্টাল ও ভিন্নধারার সিনেমার প্রতি দর্শকদের এমন ভালোবাসা তাদের প্রত্যাশার বাইরে ছিল। খুব কম শো নিয়েও শুধুমাত্র প্রেক্ষাগৃহ থেকে ৩ কোটি টাকার আয়—এটিকে তিনি বড় অর্জন হিসেবেই দেখছেন। তার ভাষায়, এই সমর্থনই ভবিষ্যতে আরও সাহসী কাজ করার শক্তি জোগাবে।
ছবিটি প্রসঙ্গে রাফী আরও বলেন, এটি মূলত আর্টিস্টিক ধাঁচের কাজ—যে ধরনের সিনেমা সাধারণত চলচ্চিত্র উৎসবকেন্দ্রিক দর্শকের কাছে বেশি সমাদৃত হয়। তবে দেশের প্রেক্ষাগৃহেও এর ইতিবাচক সাড়া পাওয়া একটি গুরুত্বপূর্ণ দিক। ইতোমধ্যে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়াকে তিনি বড় স্বীকৃতি হিসেবে দেখছেন।


