ব্যাংককের ননথাবুরি হলের ইনডোর কোর্টে বৃহস্পতিবার যেন ভাগ্য আর দক্ষতা কোনোটিই বাংলাদেশের পক্ষে ছিল না। সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়ে ৫-১ গোলের এক তিক্ত পরাজয় বরণ করেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও ফিনিশিংয়ের নিদারুণ ব্যর্থতায় বারবার হতাশ হতে হয়েছে ডাগআউটে থাকা কোচ সাঈদ খোদারাহমিকে।
ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তৃতীয় মিনিটে রাহবার ওয়াহেদ খান একজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ পজিশনে গেলেও বল ক্রসবারের ওপর দিয়ে মারেন। এরপর ফয়সাল হোসেনের প্রচেষ্টাও লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচের প্রথমার্ধের শেষ ৫ মিনিটে নাটকীয়তা জমে ওঠে। গুরুতর ফাউল করে আকিব ফয়সাল লাল কার্ড দেখলে পাকিস্তান ৪ জনের দলে পরিণত হয়। একজন খেলোয়াড় বেশি থাকার এই সুবর্ণ সুযোগটি বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। উল্টো ১৭ মিনিটের মাথায় কর্নার থেকে হামজার পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে আগা পাকিস্তানকে ১-০ তে এগিয়ে দেন। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে রক্ষণভাগের মারাত্মক ভুল বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। নিজস্ব সার্কেলের ভেতর কাজী ইব্রাহিম আহমেদ বলের নিয়ন্ত্রণ হারালে জায়েদ উল্লাহ খান অনায়াসে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের শেষের দিকে ফায়েদ আজম একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ঠিকই, কিন্তু এরপরই পাকিস্তানের আক্রমণের তোড়ে ভেসে যায় বাংলাদেশের রক্ষণভাগ। সালার আহমেদ খান, জায়েদ এবং আলী আগা আরও তিনটি গোল করে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন খাদের কিনারায়। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে মালদ্বীপ টেবিলের শীর্ষে এবং ১০ পয়েন্ট নিয়ে পাকিস্তান দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ছেলেদের এই চরম ব্যর্থতার দিনে একমাত্র স্বস্তি হয়ে আছে নারী দল, যারা সাফ উইমেন্স ফুটসালে একের পর এক জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে। শনিবার নেপালের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের ছেলেরা, তবে সেই ম্যাচ এখন কেবলই আনুষ্ঠানিকতা।


