বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন। সোমবার সন্ধ্যায় বিমানবন্দরে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অফিসিয়াল এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করবেন ক্রিস্টেনসেন। আগামী দুই দিন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করে পরিচয়পত্র পেশের প্রস্তুতি নেবেন তিনি। এর পর ১৫ জানুয়ারি প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করবেন।
গত ৯ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। দেশটির ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাকে শপথবাক্য পাঠ করান। এর পর ক্রিস্টেনসেনকে স্বাগত জানায় ঢাকার মার্কিন দূতাবাস।
ঢাকায় আসার আগে শপথ নেওয়ার পর নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত।’
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।
রাষ্ট্রদূতের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট পদে দায়িত্ব পালন করেন।
সিনিয়র ফরেন সার্ভিসের একজন সদস্য রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এর আগে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটিজিক কমান্ড-এর কমান্ডারের পররাষ্ট্রনীতি উপদেষ্টা হিসেবে এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি ফিলিপাইন, এল সালভাদর ও ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের মিশনগুলোতে বিভিন্ন দায়িত্বে কাজ করেছেন।


