পাবনা-১ ও পাবনা-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনে পাবনা-১ ও পাবনা-২ আসনে যথাসময়ে নির্বাচন ও নির্বাচনী কার্যক্রম শুরুর নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পাবনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এ আবেদন করেন।
তিনি এ বিষয়ে সাংবাদিকদের জানান, ইসির নির্বাচন স্থগিতের অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। বুধবার এ বিষয়ে শুনানি হতে পারে।
এর আগে ১০ জানুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি আসনের নির্বাচন স্থগিত থাকবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন বলেন, গত ৬ জানুয়ারি নির্বাচন কমিশন এ দুটি আসনের নির্বাচন স্থগিত করতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয়।
চিঠিতে বলা হয়, নির্বাচনী এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানা সংক্রান্ত সিএমপি আপিল বিভাগের ৫ জানুয়ারির আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।
এর আগে ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গত বছরের ২৪ ডিসেম্বর জারি করা গেজেট স্থগিত করে আপিল বিভাগ। এ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ দেওয়া হয়।


