ফুটবল মাঠ থেকে অভিনয়ে জামাল ভূঁইয়া

ফুটবল মাঠ থেকে অভিনয়ে জামাল ভূঁইয়া
জামাল ভূঁইয়া ও লামিমা লাম
Advertisement
Advertisement

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার হাজির হচ্ছেন এক নতুন পরিচয়ে। ফুটবল মাঠে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এবার তিনি পা রাখলেন অভিনয়ের জগতে।

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জামাল। সোমবার (১৫ জুন) রাজধানীর কলাবাগানের একটি মাঠে শুরু হয়েছে সিরিজটির শুটিং। সিরিজটি পরিচালনা করছেন তারিক মুহাম্মাদ।

‘ব্রাজেন্টিনা’-তে জামালের বিপরীতে অভিনয় করছেন তাসনুভা তিশা ও লামিমা লাম। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ।

বিজ্ঞাপনচিত্রে কাজ করার অভিজ্ঞতা থাকলেও এটি জামাল ভূঁইয়ার প্রথম অভিনয়। নতুন এই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, শুরুতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তার ভাষায়, “আমি বলেছিলাম, অভিনয় পারব না। কিন্তু পরিচালক বারবার চেষ্টা করেছেন। চার বছর আগেও তিনি আমাকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন, তখন সময়ের কারণে সম্ভব হয়নি। এবার আবার যোগাযোগ করেন এবং আমাকে সাহস জোগান।”

আরও পড়ুন

জামাল জানান, পরিচালকের আগের কাজ দেখার পাশাপাশি সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সঙ্গেও কথা বলেছেন। আশরাফুল অভিনয়ের অভিজ্ঞতা থেকে তাকে উৎসাহ দিয়েছেন। এরপরই তিনি কাজটি করার সিদ্ধান্ত নেন।

অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে জাতীয় দলের এই অধিনায়ক বলেন, “শুটিংয়ের পুরো ব্যাপারটাই আমার কাছে ম্যাজিক্যাল মনে হচ্ছে। বিজ্ঞাপনচিত্রে কাজ করা আর অভিনয় এক জিনিস নয়। নাটকে যাদের সঙ্গে কাজ করছি, তারা সবাই পেশাদার শিল্পী। অভিনয় উপভোগ করছি, তবে কাজটা মোটেও সহজ নয়।”

কলাবাগানের মাঠের সঙ্গে নিজের আবেগঘন স্মৃতির কথাও তুলে ধরেন জামাল। তিনি বলেন, “এই মাঠেই আমার ফুটবল ক্যারিয়ারের শুরু। এখন সেই মাঠেই শুটিং করছি, বিষয়টি বিশেষ অনুভূতির।”

আট পর্বের ‘ব্রাজেন্টিনা’ আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad