ফুটওভার ব্রিজ বা এর আশপাশে অস্থায়ী দোকান বসানোর বিষয়ে সতর্ক করেছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেছেন, ‘নতুন নির্মিত ফুটওভার ব্রিজ বা এর আশপাশে কোনো অবস্থাতেই অস্থায়ী দোকান বসতে দেওয়া হবে না। এতে মানুষের চলাচল ব্যাহত হয় এবং যানজট সৃষ্টি হয়।’
শনিবার রাজধানীর নিউমার্কেট ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সব ফুটওভার ব্রিজের ক্ষেত্রেই বিষয়টি পরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ঈদের পর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়া হবে।’
ফুটওভার ব্রিজটি প্রশস্ত ও আধুনিকভাবে নির্মাণ করা হয়েছে জানিয়ে রবিউল আলম বলেন, ‘তাই ব্রিজের ওপর বা নিচে কিংবা আশপাশে ফুটপাতের মতো অস্থায়ী দোকান বসানো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। মানুষের চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে বিষয়টি নিয়ন্ত্রণ করা জরুরি।’
মন্ত্রী জানান, ঈদের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, বিপনী বিতানগুলোর মালিক, ফুটপাতের দোকানি এবং স্থানীয় ব্যক্তিরা আলোচনার মাধ্যমে এমন একটি পন্থা নির্ধারণ করবেন, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়ে সবাই উপকৃত হন এবং সিদ্ধান্তগুলো সবাই মেনে নিতে উৎসাহিত হন।
শেখ রবিউল আলম বলেন, ঢাকা শহরের একটি ব্যস্ততম শপিং এলাকায় প্রায় ৩১টি মার্কেট থাকায় দীর্ঘদিন ধরে রাস্তা পারাপারে মানুষের ভোগান্তি ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফুটওভার ব্রিজটি নির্মাণ করেছে। সামনে ঈদকে কেন্দ্র করে এলাকায় ক্রেতাদের ব্যাপক উপস্থিতি থাকে, তাই মানুষের নিরাপদ চলাচলে এই ব্রিজ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘এই ব্রিজ চালুর ফলে মানুষ স্বস্তির সঙ্গে রাস্তা পারাপার করতে পারবে এবং বিভিন্ন মার্কেটে সহজে যাতায়াত করতে পারবে। এতে ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা আসবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে।’
ঢাকার যেসব ফুটওভার ব্রিজ এখনো চলাচলের উপযোগী নয়, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সড়কমন্ত্রী।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।


