ফরিদপুরে শিশু ধর্ষণ মামলার এক আসামিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম জিহাদ খান (২৮)। শনিবার রাতে মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। পথে বিলমামুদপুর এলাকায় আসামি জিহাদ শিশুটির মুখে বিষাক্ত রাসায়নিক ধরে অজ্ঞান করে তাকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। শিশুটি জ্ঞান ফেরার পর আসামি জিহাদকে তার পাশেই দেখতে পায়।
ধর্ষণের কথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেয় জিহাদ। পরে শিশুটি পাশের এক বাড়িতে আশ্রয় নিয়ে তাদের সাহায্য চায়।
ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শিশুর মা বুধবার বাদী হয়ে কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা করেন। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর থেকেই পুলিশ আসামিকে ধরতে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। ঘটনার তিন দিনের মধ্যে আসামিকে মাদারীপুরের শিবচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার আদালতে তোলা হবে।


