সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউপি সদস্য পিয়ারা খাতুন (৪৫) হত্যা মামলায় তার স্বামী আব্দুল আলিমকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিনচড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
নিহত ইউপি সদস্য পিয়ারা খাতুন শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের এক, দুই ও তিন নাম্বার ওয়ার্ডের (সংরক্ষিত) মহিলা সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে ইউপি সদস্য পিয়ারা খাতুন প্রথম স্বামীকে তালাক দিয়ে স্থানীয় যুবদল নেতা আলিমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে গত ২৭ নভেম্বর রাতের কোনো এক সময় আলিম তার স্ত্রী পিয়ারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের মধ্যে রেখে পালিয়ে যান।
২৮ নভেম্বর দুপুরে পুলিশ ওই ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা হানিফ সরকার বাদী হয়ে মামলা করেন।


