জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। প্রায় সাত মিনিট ধরে চলা এ উত্তপ্ত পরিস্থিতিতে অধিবেশন কার্যক্রম বিঘ্নিত হয়।
মঙ্গলবার সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার একপর্যায়ে ফজলুর রহমান বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, ‘একাত্তরের কোনো শহীদ পরিবারের সন্তান জামায়াত করতে পারেন না।’
এ মন্তব্যের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা তুমুল প্রতিবাদ জানান এবং সংসদ কক্ষে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে স্পিকার উঠে দাঁড়িয়ে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘দেশের মানুষ এ সংসদ থেকে ভালো কিছু দেখতে চায়। এ ধরনের আচরণ অব্যাহত থাকলে জাতীয় সংসদের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে।’ এরপরও কিছু সময় ধরে হট্টগোল চলতে থাকে।
পরিস্থিতি শান্ত হলে পুনরায় বক্তব্য দেন ফজলুর রহমান। পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য রাখতে গিয়ে বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান সম্মানিত ব্যক্তি হলেও অন্যকে অসম্মান করা উচিত নয়। তিনি বলেন, ‘আমি শহীদ পরিবারের সন্তান। আমি জামায়াত করব-এটি আমার সাংবিধানিক অধিকার। কারও কাছ থেকে অনুমতি নিয়ে আমাকে রাজনীতি করতে হবে না।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বক্তব্য দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে জাতিকে বিভক্ত করা ঠিক নয়। মতবিরোধ থাকতে পারে, তবে এমন পরিবেশ সৃষ্টি করা উচিত নয় যাতে জাতীয় সংসদ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা তৈরি হয়।


