সোমবার কক্সবাজার আসছেন জামায়াত আমির

সোমবার কক্সবাজার আসছেন জামায়াত আমির
শফিকুর রহমান | ফাইল ছবি
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলের নির্বাচনী প্রচারে অংশ নিতে আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজার সফরে আসছেন। সফরকালে তিনি কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে (গোলচত্বর) ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পাশাপাশি তিনি দ্বীপ উপজেলা মহেশখালীতেও একটি জনসভায় যোগ দেবেন।

জামায়াত সূত্র জানিয়েছে, এসব জনসভায় ১১ দলের অংশীদার এলডিপি সভাপতি অলি আহমেদসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী এক ব্রিফিংয়ে জানিয়েছে, জামায়াত আমিরের সফরকে ঘিরে মুক্তিযোদ্ধা মাঠের জনসভায় পাঁচ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি। জেলা জামায়াতের ধারণা, জনসভাকে কেন্দ্র করে মানুষের ঢল মাঠ ছাড়িয়ে আরও বিস্তৃত হবে।

জামায়াত সূত্র অনুযায়ী, সোমবার সকাল ৯টায় হেলিকপ্টারে ডা. শফিকুর রহমান প্রথমে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে পৌঁছাবেন। সেখানে জনসভা শেষে তিনি কক্সবাজার শহরে আসবেন। শহরের জনসভার সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টায়।

শুক্রবার রাতে কক্সবাজার শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামী সফরসূচির এসব তথ্য জানায়।

আরও পড়ুন

জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মুস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে বক্তারা জামায়াত আমিরের সফর সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াত আমির দেশের প্রতিটি মহানগর ও জেলায় সফর করছেন। সেই ধারাবাহিকতায় দলীয় ইশতেহার ঘোষণা, সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় ও জনসম্পৃক্ততাকে অগ্রাধিকার দিয়ে তিনি কক্সবাজারে আসছেন।’

বক্তারা মনে করেন, এই সফরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় পর্যটনবিষয়ক সম্পাদক গোলাম ফারুক কায়সার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক আখতার আলম, কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলসহ ১১ দলীয় ঐক্যজোটের জেলা ও শহর পর্যায়ের নেতাকর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad