দেশের দুই জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আজকে শুধু প্রথম আলো ও ডেইলি স্টার নয়, আজকে গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। তাই গণতন্ত্রী সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে।’
সোমবার ঢাকার একটি হোটেল সম্পাদক পরিষদ ও সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের আয়োজনে যৌথ প্রতিবাদ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক সভায় তিনি বলেন, ‘আমি জানি না, এই মুহূর্তে কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি? আমার বয়স ৭৮ বছর। সারা জীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন, সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ দেখব বলে। আজ যে বাংলাদেশ দেখছি, এ বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি।’
মির্জা ফখরুল বলেন, ‘আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার তার ওপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের ওপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ।’
‘তাই আমার অনুরোধ কোনো রাজনৈতিক দল-সংগঠন নয়, সব গণতন্ত্রীকামী মানুষের এখন এক হওয়ার সময় এসেছে গেছে।’
সত্যিকার স্বাধীন সার্বভৌম গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
প্রতিবাদ সভা শেষে কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পাশের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।


