অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩ অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনেই উত্থাপন করা হবে। এসব অধ্যাদেশের প্রয়োজনীয়গুলো পাস করার চেষ্টা করবে বিএনপি, আর কোনগুলো বাতিল হবে তা নির্ধারণ করা হবে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে।
বুধবার সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশন বসবে এবং ওই অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ উত্থাপনের বিষয়টি দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংসদীয় দলের সভা শেষে অধ্যাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘১৩৩টি অধ্যাদেশ অধিবেশনে উঠবে এবং আইনমন্ত্রী বিষয়টি সংসদে উত্থাপন করবেন।’
তিনি বলেন, অধ্যাদেশগুলো জনমত যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে। এই কমিটি নির্ধারণ করবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনগুলো ল্যাপস হয়ে যাবে। প্রয়োজনীয় অধ্যাদেশগুলো পাস করার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।
সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত ৮ থেকে ১৫ জনের সমন্বয়ে এই বিশেষ কমিটি গঠিত হয়। কমিটির প্রধান কাজ হলো নির্দিষ্ট আইন বা বিলের প্রস্তাব পর্যালোচনা করা, বিশেষ কোনো বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া এবং কাজ শেষে বিলুপ্ত হয়ে যাওয়া।
চিফ হুইপ আরও জানান, সংসদের প্রথম দিনের বৈঠকে কার্য উপদেষ্টা কমিটি, প্রিভিলেজ কমিটি এবং হাউস কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে প্রথম দিনের অধিবেশন মুলতবি করা হবে। ডেপুটি স্পিকার নির্বাচনের পর পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হবে। এরপর শোকপ্রস্তাব উপস্থাপন করা হবে।
শোকপ্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া, জুলাইয়ের আন্দোলনের যোদ্ধা এবং দেশি-বিদেশি বরেণ্য ব্যক্তিদের স্মরণ করা হবে বলে জানান তিনি।
এদিকে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো পাস হতে পারে—এ বিষয়ে সংসদীয় দলের সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা এসব অধ্যাদেশ এখন সংসদের মাধ্যমে পর্যালোচনা করতে হচ্ছে।
তারা জানান, ১৩৩টির মধ্যে কতগুলো পাস হবে তা এখনই বলা সম্ভব নয়। জনমত যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
সংসদ সদস্যরা আরও বলেন, সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে যদি এসব অধ্যাদেশ আইনে পরিণত না হয়, তবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
জানা গেছে, অধ্যাদেশগুলোর বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকেও আলোচনা হয়েছে এবং কিছু বিষয়ে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। সংসদে অধ্যাদেশ উত্থাপনের সময় দলটি সেই বিষয়গুলোও তুলে ধরবে।
১৩৩ অধ্যাদেশ দেখুন এখানে


