জুলাই গণঅভ্যুত্থানের আট শহীদের গেজেট বাতিল করেছে সরকার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা রোববার তালিকা থেকে আট জনের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে কেন এসব নাম বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
গেজেট বাতিল হওয়া নামগুলো হলো- ঢাকার রামপুরার মুসলেহ উদ্দিন (গেজেট নম্বর ২২৪), টাঙ্গাইলের মো. খলিলুর রহমান তালুকদার (গেজেট নম্বর ২২৯), নরসিংদীর জিন্নাহ মিয়া (গেজেট নম্বর ৩৭৫), ঢাকার দৌলতখানের শাহ জামান (গেজেট নম্বর ৬১১), সাভারের মো. রনি (গেজেট নম্বর ৭৬৬), নারায়ণগঞ্জের তাওহিদুল আলম জিসান (গেজেট নম্বর ৮১৮), পটুয়াখালীর বশির সরদার (গেজেট নম্বর ৮২৩) এবং শরীয়তপুরের বাঁধন (গেজেট নম্বর ৮৩৬)।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, নিহতদের পরিবার ও স্বজনরা মিথ্যা তথ্য দিয়ে নামগুলো জুলাই শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এবং রুলস অব বিজনেস অনুযায়ী এই আটজন জুলাই শহীদের গেজেট বাতিল করা হয়েছে।
এর আগে দুই দফায় সরকার গণঅভ্যুত্থানে শহীদ হিসেবে ৮৪৪ জনের নামের গেজেট প্রকাশ করে। তাদের নামের সঙ্গে গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, বাবা-মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং জেলা ও বিভাগের নাম প্রকাশ করা হয়।
এই গণঅভ্যুত্থানে শহীদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা ও প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দিচ্ছে সরকার। এছাড়া পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং তাদের পুনর্বাসনে কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।


