জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ঢাকা সফররত তুরস্কের ফরেন অ্যাফেয়ার্সের ডেপুটি মিনিস্টার এ বেরিস একিনজি এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, মানবিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে খোলামেলা আলোচনা করা হয়।’
বাংলাদেশে বিভিন্ন সেক্টরে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আগ্রহও প্রকাশ করেন দেশটির উপপররাষ্ট্র মন্ত্রী।
তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ দেশটির উচ্চপর্যায়ের চার সদস্যের প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।
জামায়াতের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।


