নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তুরস্ক: বিএনপি

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তুরস্ক: বিএনপি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচির সাক্ষাৎ। ছবি: বিএনপির সৌজন্যে
Advertisement
Advertisement

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি।

সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন।

দলটির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, আসন্ন জাতীয় নির্বাচন এবং আঞ্চলিক সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

দুই দিনের সফরে সোমবার সকালে ঢাকা পৌঁছান তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, জিয়াউর রহমানের সময় থেকে দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব গড়ে উঠেছে, সেটিকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের ভূমিকা এবং আগামী দিনে সংস্থাটিকে কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়েও কথা হয়।

 

বিএনপি মহাসচিবের সঙ্গে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বিএনপির সৌজন্যে

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ এবং চেম্বারগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দুই দেশের সাংস্কৃতিক বন্ধন কীভাবে আরও ঘনিষ্ঠ করা যায়, সেটিও আলোচনায় এসেছে।

নির্বাচন প্রসঙ্গে আমির খসরু বলেন, ‘দেশের নির্বাচন নিয়ে তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে। তারা নির্বাচন পরবর্তী বাংলাদেশ কেমন হবে এবং নতুন সরকারের সঙ্গে সম্পর্ক কীভাবে গভীর করা যায়, সে বিষয়েও কথা বলেছে। তাদের বক্তব্য, নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী।’

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘তুরস্ক বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে যে সহযোগিতা চালিয়ে যাচ্ছে, সেটি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। যৌথভাবে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।’

মঙ্গলবার ঢাকায় দুই দেশের মধ্যে চতুর্থ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। তুরস্কের হয়ে নেতৃত্ব দেবেন এ বেরিস একিনচি। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও সেতুবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গেও বৈঠক করবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad