দেশের ক্রিকেটে প্রথমবার যুক্ত হলো স্পিন বোলিং মেশিন। বাংলাদেশ এমনিতে স্পিনার সমৃদ্ধ হলেও সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে চলমান স্কিল ক্যাম্পে অত্যাধুনিক এই যন্ত্রের ব্যবহার দেখা গেছে সর্বপ্রথম।।সাধারণত ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতো পেসার সমৃদ্ধ দেশগুলোতে এই মেশিনের ব্যবহার হয়।
এই স্পিন বোলিং মেশিনের নাম ‘মার্লিন বাইবোলা। বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, এই বোলিং মেশিনের দাম ১০ হাজার পাউন্ড বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ লাখ টাকা প্রায়।
প্রথমবার স্পিন বোলিং মেশিন যুক্ত করা নিয়ে নাফিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই বোলিং মেশিনটার নাম মার্লিন বাইবোলা। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল। কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।’
ব্যাটাররা কী ধরনের সুবিধা পাবেন, সেসব জানিয়ে নাফিস আরো বলেন, ‘এটা দিয়ে অফস্পিন, লেগস্পিন এবং আর্মার-তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়। এটা ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।’
স্পিন বোলিং মেশিন নিয়ে আসা হয়েছে ঠিক নিউজিল্যান্ড সিরিজের আগটাতে। আগামী ১৩ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে কিউইরা। ১৭ এপ্রিল শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। আসন্ন দুই সিরিজের প্রস্তুতি নিয়ে নাফিস বেশ আশাবাদী।
চলমান স্কিল ক্যাম্প নিয়ে ক্রিকেট অপারেশন্স ইনচার্জ নাফিস বলেন, ‘এখন পর্যন্ত আমরা যেহেতু বেশ একটা বড় সময় পেয়েছি প্র্যাকটিসের যেই ভলিউম, প্র্যাকটিসের যেই আইটিনারি সেটা খুব সমৃদ্ধ এবং এখন পর্যন্ত প্লেয়াররা অনেক কষ্ট করছে এবং ভালো প্র্যাকটিস হচ্ছে আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজ আগ পর্যন্ত কন্টিনিউ করতে পারব।’


