বাবার মৃত্যুতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছেন মানিকগঞ্জ জেলা কারাগারে থাকা আসামি মো. কামরুল ইসলাম (৩০)।
সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাজতি কামরুলকে শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হয়। কামরুলের বাড়ি সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে কামরুলের বাবা মো. আবুল কালাম (৬০) বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর খবরে পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশগ্রহণের জন্য আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় কামরুলকে সাময়িকভাবে প্যারোলে মুক্তির অনুমতি দেয়।
এরপর আজ সকালে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সিংগাইর থানা পুলিশের সমন্বয়ে ২৪ সদস্যের একটি দল পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে কামরুলকে নিজ গ্রামে নিয়ে আসে। পরে তিনি ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের মাঠে বাবার জানাজায় অংশ নেন এবং স্বজনদের সঙ্গে শেষবারের মতো বাবাকে বিদায় জানান।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মানবেন্দ্র বালো (মানব) জানান, বাবার মৃত্যুর কারণে হাজতি কামরুলকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। তার বাবার জানাজা ও দাফন কার্যক্রম শেষে নির্ধারিত সময়ে তাকে ফের মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


