আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন কানাডায় বসবাসরত বাংলাদেশিরা। এ সিদ্ধান্তকে ঐতিহাসিক উল্লেখ করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
এ উপলক্ষে কানাডার ক্যালগেরি শহরের বাংলাদেশ সেন্টারে ‘পোস্টাল ব্যালটে নতুন দিগন্ত, প্রবাসীদের ইতিবাচক বার্তা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’–এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান। সভাটি সঞ্চালনা করেন পোর্টালটির প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।
সভায় উপস্থিত বক্তারা জানান, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক। দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর প্রবাসীদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় আনন্দিত ও আশাবাদী তারা।
নির্বাচন কমিশনের এই উদ্যোগের প্রশংসা করে বক্তারা জানান, স্বাধীনতার পর এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এতদিন প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছেন, এবার ভোটের মাধ্যমে জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশীদারত্ব নিশ্চিত হবে।
এ ছাড়া পোস্টাল ভোটিং পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়িত হলে বিদেশে বসবাসরতদের গণতান্ত্রিক অংশগ্রহণ আরও বিস্তৃত হবে এবং দেশের নির্বাচনী ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা ঘটবে বলেও আশাবাদী প্রবাসীরা।
আলোচনায় মো. আব্দুল বাতেন, আলমগীর দারাইন, মো. রশিদ রিপন, আসিফ হোসেন, মেহেদী হাসান রনি, সুলতান তাইপুর, সুবর্ণা খন্দকার, রেহানা বেগম, মোহাম্মদ নাইম আহমেদ, দেলোয়ার হোসেন, সোহেল মাহবুবুল করিম, একতা দারাইন করিম, আশিক হক ও জাভেদ ইকবালসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।


