পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস উদ্দেশ্যমূলক, অভিযোগ বিএনপির

পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস উদ্দেশ্যমূলক, অভিযোগ বিএনপির
মঙ্গলবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক দলগুলোর নাম ও প্রতীকের বিন্যাস করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘প্রবাসীদের জন্য পাঠানো ব্যালট পেপারে খুব উদ্দেশ্যমূলকভাবে কয়েকটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে দেওয়া হয়েছে। অথচ বিএনপির নাম ও প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যা ভাঁজ করলে ভালো করে নজরেই পড়বে না। আমরা এটি নিয়ে ইসির সঙ্গে কথা বলেছি। তাদের কথায় মনে হয়েছে, ইসি বিষয়টি ঠিকভাবে খেয়াল করেনি।’

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আলফাবেটিক্যালি ঠিক আছে কি না—এটাই তাদের কাছে বিবেচনার বিষয় ছিল। কিন্তু আমরা তাদের বলেছি, আপনারা এখানে পাঁচটি কলাম করেছেন এবং ১৪টি লাইন রেখেছেন। ফলে তিনটি বিশেষ রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে এসে গেছে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘এটা যদি পাঁচটি না হয়ে ছয়টি কলাম হতো বা চারটি কলাম হতো এবং ১৪টির জায়গায় যদি ১২টি বা ১৬টি লাইন হতো, তাহলে কিন্তু এইভাবে সাজানোর সুযোগ থাকত না। কাজেই ব্যাপারটি ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এবং আপনাদের হয়তো নজরে পড়েনি, কিন্তু যারা ভেতর থেকে কাজটি করেছে, সম্ভবত তারা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা ইসিকে অনুরোধ করেছি, সময় থাকলে বিদেশে পাঠানো ব্যালট পেপারও সংশোধন করতে। আর দেশের ভেতরে যে পোস্টাল ব্যালট যাবে এবং যা এখনো পাঠানো হয়নি, সে বিষয়ে আমরা তাদের পরিষ্কার বলেছি–এই কৌশল যেন দেশের ভেতরের পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয় এবং এটি যেন সংশোধন করা হয়।’

পোস্টাল ব্যালট পৃথিবীর বিভিন্ন জায়গায় যে পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে, সেটি সঠিক হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘এতে কিছু ত্রুটি হচ্ছে। আমরা দেখেছি, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকগুলো ব্যালট পেপার হ্যান্ডেল করছেন–এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। উনারা (ইসি) বলেছেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। এ বিষয়ে আরও তদন্ত করে তারা প্রতিবেদন দেবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর