ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মাদারীপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।
দায়িত্ব পালনের পথে মৃত্যু এলেও কেউ যেন ভয় না পান বা পিছিয়ে না যান, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
মঙ্গলবার বেলা ১১টায় মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন ডিসি।
এই দেশটাকে আর আগের মতো ধ্বংস হতে দেওয়া যাবে না উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশটাকে বাঁচাতে হবে। দেশ বাঁচানোর জন্য এই মনোভাব নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে।’
‘পুলিশ আপনার কথা শুনবে কি না, আনসার আসবে কি না এসব চিন্তা করবেন না। ধরে নেবেন কেউ আসবে না, তবুও আপনাকে শক্ত থাকতে হবে। আগেই সিদ্ধান্ত নেবেন যে কেউ পাশে না থাকলেও শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।’
তবে যারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তাদের বিষয়ে জাহাঙ্গীর আলম জানান, যদি কেউ মনে করেন, তার বেঁচে থাকাটা জরুরি এবং তিনি ভোটকেন্দ্রে যেতে পারবেন না, তাহলে আগেই জানাতে হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তিনি।
এ ছাড়া জেলা প্রশাসন নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তার পাশে রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, কোনো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হলে তা আগেই জানাতে হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। ‘সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দিতে চাই’ যোগ করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।


