অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনো কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে পে কমিশন কাজ করছে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা।
সরকার পে কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে জানিয়ে তিনি বলেন, ‘শিগগিরই কমিশন পে স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে। সেই রিপোর্ট পাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘জ্বালানি সরবরাহ করার বিষয়টি আমাদের জন্য চ্যালেঞ্জের। এ বিষয়ে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। আগামী নির্বাচনে কেন্দ্রগুলোতে পুলিশের ব্যবহারের জন্য বডি ক্যামেরা কেনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’
জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে স্কেল নির্ধারণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২১ জানুয়ারি পে-কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


