শেষ ওভারে জয়ের জন্য শ্রীলংকার দরকার ছিল ১২ রানের। প্রথম দুই বলে চার রান দিলেও পরের তিন বলে দারুণ কামব্যাক করেন বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুন। এক উইকেট-সহ মোট ৮ রান দিয়ে আটকে রাখেন লঙ্কানদের। স্বল্প পুঁজি নিয়ে ব্যাংককে এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ নারী দলের শুরুটাও হলো ৪ রানের দারুণ জয়ে।
টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১১৫ রানে অলআউট হলেও সানজিদা আক্তার মেঘলার স্পিন জাদুতে ১১১ রানের বেশি করতে দেয়নি শ্রীলংকাকে। ছোট লক্ষ্য তাড়ায় নেমে সুমনা-ফাহিমা-মেঘলার ঘূর্ণিতে ৬৫ রানের মধ্যে প্রথম পাঁচ উইকেট হারায় শ্রীলংকা। সর্বোচ্চ ২৬ রানের ইনিংস এসেছে হানসিমার ব্যাট থেকে। যদিও শচীনী ও আমার দুটি বিশোর্ধ্ব ইনিংসে জমে উঠে লড়াই। অবশ্য দারুণ বোলিংয়ে বিপদ বাড়তে দেননি মেঘলা। ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।
এর আগে ইশমা ও শামীমার ব্যাটে ৪৮ রানের উদ্বোধনী জুটি পেলেও টপ আর মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ আসেনি বাংলাদেশের। ১১ জনের মধ্যে দুই অঙ্কে যেতে পেরেছেন মাত্র চার জন, বাকি সাত জন আটকে ছিলেন সিংগেল ডিজিটে। দলীয় সর্বোচ্চ ৩০ রানের ইনিংস এসেছে ইশমার ব্যাট থেকে।


