একটি বিশ্বাসযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারার সূচনা হয়েছে বলে মন্তব্য করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি ও এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে।
শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, এই নির্বাচনের মাধ্যমে দেশে উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিসর আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদী।
তিনি আশা প্রকাশ করেন, সরকার প্রধানের দায়িত্ব নিয়ে তারেক একটি গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দেবেন।
ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসেবে ‘কোদাল’ প্রতীকে নির্বাচন করে সাইফুল হক ৩০ হাজার ৯৬৩ ভোট পেয়ে পরাজিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে নির্বাচন করে ২২ হাজার ১৮০ ভোটের ব্যবধানে জয় পান।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনে এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা, জাল ভোট ও ভোট গণনায় অসংগতিসহ বিভিন্ন অভিযোগ থাকলেও এ আসনের ফলাফল তারা মেনে নিয়েছেন। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।
দলটি আরও জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের পটভূমিতে অনুষ্ঠিত এ নির্বাচন ও গঠিত সংসদ সংস্কারের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করে।
সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাইফুল হক বলেন, সরকার ও জাতীয় সংসদকে নিয়মিত জবাবদিহিতার মধ্যে রাখতে জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
নির্বাচনে কালো টাকার প্রভাবসহ নানা ত্রুটি থাকলেও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ আয়োজনের জন্য সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা জানান তিনি।


