পিরোজপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে মারিয়া আক্তার (১৮) নামের কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মা হাওয়া বেগম (৪৫) ও অটোরিকশা চালক রাসেল (৩৫)।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারিয়া বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে। তিনি আফতাব উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনার শিকার তিনজনকে জেলা হাসপাতালে আনা হয়, তবে তাদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। আহত হাওয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


