কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতরা প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে ৩২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নিয়েছে। শনিবার রাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাইভেটকারেরে মালিক শিমুল জানান, ঈশ্বরদী থেকে রাতে গাড়ির জ্বালানি গ্যাস নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। পথে মনিপার্ক এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রধারী কয়েকজনের একটি ডাকাত দল গাড়ির গতিরোধ করে। পরে ডাকাতরা অস্ত্রের মুখে গাড়িতে থাকা ৩২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার সময় ডাকাতরা প্রাইভেট কারের চালক হিমেলকে মারধরও করে। ডাকাতির ওই ঘটনাটি প্রাইভেটকারে থাকা বাপ্পি নামে এক যাত্রী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন শিমুল।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


