পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী হামলায় অন্তত ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে প্রদেশের বান্নু জেলার ফতেহ খেল পুলিশ পোস্টে এ হামলা হয়।
পেশোওয়ার প্রতিনিধির বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, হামলাকারীরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পুলিশের চেকপোস্টে তুলে দেয়।
বান্নুর আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানান, হামলার সময় পোস্টে ১৮ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে ১৫ জন নিহত এবং তিনজন আহত হন।
বিস্ফোরকসহ গাড়ি তুলে দেওয়ার পরপরই অন্য হামলাকারীরা চারদিক থেকে ভারী অস্ত্র নিয়ে গুলি চালাতে শুরু করে। এ সময় ওই এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বান্নুর এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘হামলার সময় জঙ্গিরা ভারী অস্ত্রের পাশাপাশি কোয়াডকপ্টারও ব্যবহার করেছে।’
হামলার পর কিছু সময়ের জন্য ফতেহ খেল পুলিশ পোস্টের সঙ্গে সদরদপ্তরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তারা জানান, শক্তিশালী ওই বিস্ফোরণে পুলিশ পোস্টটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেখানে থাকা একটি সাঁজোয়া যানও ধ্বংস হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের কয়েকটি ভবনও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
হামলার পর স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ।
এদিকে আত্মঘাতী ওই হামলার পর জড়িতদের গ্রেপ্তারে তাৎক্ষণিকভাবে আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খানের নেতৃত্বে অভিযান শুরু করেছে বান্নু পুলিশ। এরইমধ্যে গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। সেইসঙ্গে শহরজুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি অতিরিক্ত তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় এগিয়ে আসেন।
বান্নুতে এর আগেও পুলিশ ও জিরগা সদস্যদের লক্ষ্য করে হামলা হয়েছে। এসব ঘটনার পর জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দিতে জেলার বিভিন্ন এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে।


