‘হামিদের দেশত্যাগের ঘটনায় কাউকে ছাড় নয়’

‘হামিদের দেশত্যাগের ঘটনায় কাউকে ছাড় নয়’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি, ইউএনবি
Advertisement
Advertisement

জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না  বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ওই ঘটনায় দোষীদের শনাক্ত করতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন, ‘কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী যারা এ ঘটনায় দায়ী বা দোষী সাব্যস্ত হবে, তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

বার্তা সংস্থা ইউএনবি জানায়, শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে সাসপেন্ড (বরখাস্ত) করা হয়েছে এবং কাউকে অ্যাটাচ করা হয়েছে। যেহেতু এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটি পুঙ্খানুপুঙ্খ দেখে ব্যবস্থা নেবে। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে।’

আরও পড়ুন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল।’

উপদেষ্টা বলেন, ‘আমার আজকের বিমানবন্দর পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, সে সম্পর্কে বিস্তারিত জানা। ২০১১ সালের পর থেকে আমার ইমিগ্রেশন ক্রস করা হয়নি। তাই ইমিগ্রেশন প্রক্রিয়ার আপডেট জানতে এ পরিদর্শন।’

তিনি বলেন, ‘বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া আগের চেয়ে অনেক উন্নত ও যুগোপযোগী হয়েছে। এ উন্নতির ধারা যেন অব্যাহত থাকে, এই আশা করছি।’

পরিদর্শনকালে উপদেষ্টা ইমিগ্রেশনের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইমিগ্রেশনে দায়িত্বরত কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad