পিরোজপুরের জিয়ানগর উপজেলায় নমিতা রানী (৮০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের রাধে শ্যামের স্ত্রী।
পরিবার জানিয়েছে, খাটের ওপর ঘুমিয়ে ছিলেন নমিতা। রাতে বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন রাধে শ্যাম। তবে কোনো সাড়া না পেয়ে তিনি খাটের কাছে গিয়ে মুখের ওপর থাকা কাঁথা সরিয়ে দেখেন, নমিতা রানী মৃত অবস্থায় পড়ে আছেন।
এ সময় খাটের পাশে তার হাতের শাখা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া গলায় ক্ষতের চিহ্নও রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাদের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


