বেশ ঘটা করেই প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী তিন দলের এই টুর্নামেন্টের পর্দা ওঠার কথা ছিল আগামী ৪ এপ্রিল। কিন্তু বুধবার রাতে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, প্রথম নারী বিপিএল পিছিয়ে গেছে আগামী জুলাই পর্যন্ত।
বিসিবি জানিয়েছে, নতুন সূচিতে তিন ভেন্যুতে প্রথম নারী বিপিএল শুরু হবে আগামী ১০ জুলাই এবং শেষ হবে ২১ জুলাই। সূচি পিছিয়ে নেয়ার কারণ হিসেবে বিসিবি জানায়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্র্যাঞ্চাইজি এবং সকল স্টেকহোল্ডারদের সাথে আলোচনার পর টুর্নামেন্টের যথাযথ প্রস্তুতি নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
মূলত দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে দল গোছাতে ফ্র্যাঞ্চাইজিগুলো যেন যথেষ্ট সময় পায়, সেজন্যই পেছানো হয়েছে সূচি। এর আরো একটি কারণ বিদেশি ক্রিকেটারদের পাওয়া। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে জুনে। এরপর বেশিরভাগ নারী বিদেশি ক্রিকেটারেরই থাকবে ফাঁকা সময়। সেই হিসেবে বিশ্বকাপের পর বিপিএল আয়োজন করাকেই যৌক্তিক মনে করছে বিসিবি।
যদিও প্রথম নারী বিপিএলকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফটের জন্য ১৪ মার্চকে ধার্য করেছিল বিসিবি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহ প্রকাশ করেছিল রাজশাহী ওয়ারিয়র্স ও বিসিবি পরিচালক আহসান ইকবাল চৌধুরীর মালিকানাধীন কন্টিনেন্টাল গ্রুপ। তৃতীয় দলটি কে নেবে, এ নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। যদিও দুই দফায় দরপত্র আহবান করেও তেমন কোনো সাড়া পায়নি বিসিবি।
পরিবর্তিত সূচিতে বিসিবি জানিয়েছে, বগুড়ার বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারী বিপিএলের উদ্বোধনী ম্যাচ। থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও । এর সাথে চট্টগ্রাম ও ঢাকাতেও থাকছে ম্যাচ ভেন্যু। গ্রুপ পর্বের খেলা ঢাকার বাইরে হলেও ফাইনাল আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


